কলকাতা: অমিতাভের মনে শৈশবের হাতছানি । আর একবার সুযোগ পেলে ফিরে যেতে চান ছোট্টবেলার সেই সোনালি দিনগুলোয় । বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন নিজের বেড়ে ওঠার দিনগুলির স্মৃতিচারণ করে বললেন, তিনি আবার তাঁর শৈশবে ফিরে যেতে চান । সাংবাদিকদের তিনি বলেছেন, ছোটদের তো বড়রা প্রশ্ন করে-বড় হয়ে কী হবে ?কিন্তু তেমন জুতসই জবাব কোনও বাচ্চাই খুঁজে পায় না । তবে এই ৭৩ বছর বয়সে আমি জবাব খুঁজে পেয়েছি-আমি আবার শৈশবে ফিরে যেতে চাই । সুজিত সরকার প্রযোজিত ওপেন টি বায়োস্কোপ-এর ফার্স্ট লুক লঞ্চ অনুষ্ঠানে একথা জানিয়েছেন বলিউডের ‘শাহেনশাহ’ ।
অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অমিতাভ যৌবনে কলকাতায় কাটানো দিনগুলিরও স্মৃতিমন্থন করেছেন । বলেছেন, সদ্য স্বাধীনতা পাওয়ার পরবর্তী সময় তখন । পরিবারের অনুশাসন বা বোর্ডিং স্কুলের কঠোর শৃঙ্খলার বাঁধাধরা জীবনের বাইরে বেরিয়ে একেবারেই নিজের মতো পথচলা শুরু । একেবারে স্বাধীনভাবে জীবনযাপন । ১৯৬২ থেকে ১৯৬৯ পর্যন্ত এ শহরে কাটানো জীবনকে এভাবেই বর্ণনা করেছেন বিগ-বি । সেই দিনগুলিকে জীবনের অসাধারণ সময় হিসেবে উল্লেখ করে অমিতাভ বলেছেন, দেশের সবচেয়ে প্রাণচঞ্চল শহর এই কলকাতা । তিনি বলেছেন, তরুণ বয়সে কলকাতায় দুর্দান্তভাবে কাটিয়েছি, এমন অনেক দুষ্টুমিও করেছি যা বলা যাবে না ।
স্মৃতির সরণি বেয়ে দার্শনিক অমিতাভ বলেছেন, সারাদিনের কাজের শেষে আমরা ভাবি, বাঁচার জন্য কাজ করছি না, কাজের জন্য বেঁচে আছি ।
বর্তমানে সুজিত সরকারেরই পিকু সিনেমার শ্যুটিংয়ের জন্য কলকাতায় আছেন অমিতাভ । শ্যুটিংয়ের সময় সুজিতের সঙ্গে বাংলাতেই কথা বলতে পছন্দ করেন তিনি । সুজিত নিজেই এ কথা জানিয়ে বলেছেন, শ্যুটিংয়ের সেটে একেবারেই বাচ্চার মতো । আমাদের সঙ্গে বাংলাতেই কথাবার্তা বলছেন । কোনও বস্তুনিষ্ঠ ধারনা তাঁর সামনে তুলে ধরলে তিনি তা বিশ্বাস করেন । অমিতাভ বাংলায় কথা বলায় দারুণ খুশি ম্যাড্রাস ক্যাফের পরিচালক ।
abp ananda
No comments:
Post a Comment