ইন্টারনেটের মাধ্যমে বাচ্চার লিঙ্গ নির্ধারণ করার কিটের বিজ্ঞাপন এবং কোন কোন ক্লিনিকে এই অপরাধমূলক কাজ সংঘটিত হয় তার বিশদ বিবরণ দিয়ে বিজ্ঞাপন দেওয়া হল। আর এই কাণ্ডটি ঘটিয়েছে গুগল, ইয়াহু এবং মাইক্রোসফটের মতো সংস্থাগুলি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষক কমিটির সদস্য সাবু ম্যাথিউ জর্জ আদালতের নজরে বিষয়টি এনে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি যেহেতু বিশেষজ্ঞের বিচারাধীন তাই মহামান্য বিচারপতি দীপক মিশ্র আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে একজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে মামলার পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করেছেন। তার সঙ্গে গুগল, ইয়াহু এবং মাইক্রোসফটকে এ মুহূর্তে বিজ্ঞাপনগুলির সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
১৯৯৪ সালে জন্মের আগে লিঙ্গ নির্ধারণ বন্ধ করা নিয়ে একটি আইন (পিএনডিটি) প্রণয়ন করা হয়। তার পরেও যে এই ঘৃণ্য কাজ বন্ধ হয়নি তা একটা হিসাব থেকে স্পষ্ট হবে। সরকারি হিসাব অনুযায়ী প্রতি বছর পাঁচ লক্ষ কন্যা ভ্রূণকে হত্যা করা হয়। রাষ্ট্রপুঞ্জের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৭ থেকে ২০১৪ পর্যন্ত ভারতে ১ কোটিরও বেশি কন্যাভ্রূণকে হত্যা করা হয়েছে। ১৯৯১ সালের পর থেকেই দেশের ৮০ শতাংশ জায়গায়, বিশেষত গ্রামাঞ্চলে পুরুষদের তুলনায় মহিলাদের অনুপাত ভয়ানক হারে কমতে থাকে।
No comments:
Post a Comment