Friday, 5 December 2014

পিছিয়ে গেল ওরিয়নের উত্ক্ষেপণ

 http://www.tallahasseegrapevine.com/file/sns_uploads/546/images/Orion%20Tallahassee.jpg
ওয়াশিংটন: অযথা ঝুঁকি না গিয়ে শেষ পর্যন্ত পরীক্ষামূলক উড়ান একদিন পিছিয়ে দিলেন নাসার বিজ্ঞানীরা৷ সব হিসেব ঠিক থাকলে শুক্রবারই মঙ্গলে মানুষ নিয়ে যাওয়ার জন্য তৈরি মহাকাশযান ওরিয়নকে পরীক্ষামূলক ভাবে তোলা হবে মহাকাশে৷

ইউরোপিয়ান স্পেস এজেন্সির পর এ বার পালা নাসার৷ মঙ্গল গ্রহে মানব অভিযানকারী পাঠানোর মহড়া হিসেবে ফ্লোরিডার কেপ ক্যানাভারাল থেকে ওরিয়ন মহাকাশযানের উত্‍ক্ষেপণ এখন শুধুই সময়ের অপেক্ষা৷

ধূমকেতু পি৬৭-এ রোসেটা মহাকাশযানের সফল অভিযান চালিয়ে বিশ্বকে যখন চমকে দিচ্ছেন ইউরোপীয় বিজ্ঞানীরাদের মিলিত প্রচেষ্টা, তখন অসীম ধৈর্যে নিজের সময়ের প্রতীক্ষা করছিলেন নাসার বিজ্ঞানীরা৷ তাঁদের লক্ষ মঙ্গল৷

গত কয়েক বছর ধরে যে ভাবে লালগ্রহে গবেষণাযান পাঠিয়েছেন নাসার বিজ্ঞানীরা, তাতে অদূর ভবিষ্যতে যে এখানে মানুষের পা পড়বে তা সহজেই অনুমান করা যায়৷ বৃহস্পতিবার, সেই পথেই আরও এক পা এগোল নাসা৷

১৯৬০-এর দশকে যে ধরনের মহাকাশের ভরসায় চাঁদে অভিযান করেছিলেন বিজ্ঞানীরা, অনেকটা একই রকম দেখতে মহাকাশযানে মঙ্গলগ্রহে অভিযানকারীদের পাঠানোর পরিকল্পনা করেছেন৷ তফাত্‍ শুধু যানটির আয়তনে এবং প্রযুক্তিগত গঠনে৷

যে ধরনের রকেটের সাহায্যে ওরিয়নকে উত্‍ক্ষেপণ করা হবে, সেই রকেট তৈরি কাজ এখনও শেষ হয়নি৷ আপাতত তাই একটি ডেল্টা-৪ রকেটের সাহায্যেই মহাকাশে তোলা হবে ওরিয়নকে৷ নাসার পক্ষ থেকে বলা হয়েছে, এই পরীক্ষা রকেটের নয়, খোদ মানব বহনকারী যানটির৷ বৃহস্পতিবার অবশ্য এই যানে কোনও অভিযানকারী থাকবেন না৷

নাসার অন্যতম পরিচালক চার্লস বোল্ডেন জানিয়েছেন, পরীক্ষামূলক উড়ানে ওরিয়নকে পৃথিবী থেকে প্রায় ছ'হাজার কিলোমিটার উচ্চতায় নিয়ে যাওয়া হবে৷ মহাকাশযানটি সব ধরনের প্রযুক্তিগত পরীক্ষায় সাড়া দিচ্ছে কি না, তা এই উড়ান থেকেই বুঝে নিতে চান বিজ্ঞানীরা৷

নাসা জানিয়েছে, মহাকাশ থেকে ফের পৃথিবীতে ফেরার সময় যানটির গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ হাজার কিলোমিটার৷ এর ফলে যানটির বাইরের দিকের তাপমাত্রা পৌঁছবে প্রায় দু'হাজার ডিগ্রি সেলসিয়াসে৷ ওই তাপমাত্রার বিন্দুমাত্র প্রভাব যাবে অভিযানকারীদের ওপর না পড়ে, তার জন্য তৈরি 'হিট শিল্ড'টি কতটা কর্মক্ষম এখান থেকেই তা বুঝে নেবেন বিজ্ঞানীরা৷ একই সঙ্গে ক্যালিফোর্নিয়ার কাছে প্রশান্ত মহাসাগরের জলে অবতরণের আগে পরীক্ষা হবে ওরিয়নের প্যারাশ্যুটগুলিরও৷

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটা নাগাদ যানটির উত্‍ক্ষেপণের সময় নির্দিষ্ট ছিল৷ কিন্ত্ত প্রবল হাওয়ার জন্য এবং দিকভ্রষ্ট একটি নৌকা উত্‍ক্ষেপণকেন্দ্রের কাছে সমুদ্রে এসে পড়ায় পরীক্ষামূলক উত্‍ক্ষেপণ ব্যহত হয়৷ নাসার বিজ্ঞানীরা পরীক্ষামূলক উত্‍ক্ষেপণের জন্য কয়েক ঘণ্টার একটি সময়সীমা নির্দিষ্ট রেখেছিলেন৷ কিন্তু তার মধ্যে পরিস্থিতি অনুকূল না হওয়ায় পরীক্ষামূলক উত্‍ক্ষেপণ মূলতুবি রাখা হয়৷ এই অভিযানকে সফল করতে সামান্যতম ঝুঁকিও নিতে নারাজ নাসা৷


No comments:

Post a Comment